যুক্তরাষ্ট্রে আগুনে ৮ শিশুসহ ১২ জনের মৃত্যু

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০২:২৯ এএম

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ জন নিহত ও বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। গত বুধবার সকাল ৬টার দিকে শহরের উত্তরের আবাসিক এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

ফিলাডেলফিয়ার অগ্নিনির্বাপণ বিভাগের এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আট শিশু রয়েছে। ফিলাডেলফিয়ার ডেপুটি ফায়ার কমিশনার ক্রেইগ মারফি সাংবাদিকদের জানান, তার দেখা সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর মধ্যে এটি একটি। আগুন লাগার পর আটজন বাসিন্দা ভবনটি থেকে কোনোভাবে বের হয়ে প্রাণে বেঁচে গেছে। তিনতলা ভবনে ২৬ বাসিন্দা ছিল বলে ধারণা করছেন তিনি।

ভবনটি সরকারি অর্থায়নে পরিচালিত ফিলাডেলফিয়া হাউজিং অথরিটির মালিকানাধীন। কর্মকর্তারা বলছেন, গত বছর ভবনটি শেষবার পরিদর্শন করেন তারা। সে সময় চারটি ‘স্মোক ডিটেক্টর’ সচল ছিল। কিন্তু আগুনের সময় এগুলোর একটিও কাজ করেনি।

ডেপুটি ফায়ার কমিশনার মারফি সাংবাদিকদের বলেন, ‘কর্র্তৃপক্ষ এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডের কারণকে সন্দেহজনক মনে করছে না। তবে প্রাণহানির কারণে ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে।’

ফিলাডেলফিয়ার মেয়র জিম কেনে সংবাদ সম্মেলনে বলেন, ‘নিঃসন্দেহে আমাদের শহরের সবচেয়ে দুঃখজনক দিনগুলোর এটি একটি। দুঃখজনকভাবে অনেক মানুষ এভাবে প্রাণ হারাল। বিশেষ করে এতগুলো শিশুকে হারানো বিপর্যস্ত হওয়ার মতো একটি বিষয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত