সপ্তম ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি ও গতবারের বিজয়ী রবার্ট লেভানডোস্কির সঙ্গে মোহামেদ সালাহকে নিয়ে ২০২১ সালের ফিফা দ্য বেস্টের সংক্ষিপ্ত তিনজনের তালিকা ঘোষণা করেছে ফিফা। ২২ নভেম্বরে মনোনীত ১১ জনের তালিকা থেকে বাদ পড়েছেন করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইনে, ক্রিশ্চিয়ানো রোনালদো, জর্জিনহো, কন্তে, এমবাপে ও নেইমার। গোলকিপারদের তিনজনের তালিকায় আছেন ইতালির জিয়ানলুকা দোন্নারুমা, জার্মানির ম্যানুয়েল নয়্যার ও চেলসির সেনেগালিজ গোলকিপার এদুয়ার্দো মেন্দি। আর কোচের তালিকায় ইতালিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানো রবের্তো মানচিনির সঙ্গে আছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও চেলসির টমাস টুখেল। ১৭ জানুয়ারি জুরিখে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
জাতীয় দলের সঙ্গে থাকা অবস্থাতেই সুসংবাদ শুনলেন মোহামেদ সালাহ। মিসরের হয়ে আফ্রিকা কাপ অব নেশন্সে নামবেন এই তারকা। এ মৌসুমের অর্ধেক পথেই দারুণ পারফরমের পুরস্কার মিসর ফরোয়ার্ডের। এবার ১৬ গোল করে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন।
বায়ার্ন তারকা লেভানডোস্কি গতবারের অসাধারণ ফর্মের জন্য আবারও ফিফা দ্য বেস্টের শর্টলিস্টে। পুরস্কারটির বর্তমান মালিক গত মৌসুমে ৪১ গোলের কীর্তি গড়ে ১৯৭১-৭২ সালে গড়া জার্ড মুলারের রেকর্ড ভেঙেছেন। আর মেসি যথারীতি জাতীয় দলের হয়ে শিরোপার দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে দ্য বেস্টে নাম তুললেন।
