বাংলাদেশ এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিরোধী দলকে ধ্বংস করার জন্য রাষ্ট্রযন্ত্রকে যথেচ্ছার ব্যবহার করা হচ্ছে।’ গতকাল রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন।
নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহীসহ দলের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। তাদের বিরুদ্ধে ভুয়া, বানোয়াট ও সাজানো মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দল ও মতের মানুষরা বসবাস করছে বন্দিশিবিরে অবস্থান করার মতো। নির্বাচন, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতাসহ সব অধিকারকে সমাধিস্থ করা হয়েছে। মিথ্যা মামলা, গ্রেপ্তার, জুলুম-নির্যাতনের এক বিপজ্জনক পরিবেশে বিএনপিসহ বিরোধী দলের লোকজনকে জীবনযাপন করতে হচ্ছে।
শাসকগোষ্ঠীর হিংস্র দানবেরা রক্তের নেশায় সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, বিরোধী নেতাকর্মীদের হত্যা কিংবা গুরুতর জখম করা হচ্ছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সহিংস সন্ত্রাসে উৎসাহী একটি দল। একের পর এক বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে।’
সরকারের ক্ষমতা টলোমলো বলেই তারা নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে দাবি করে ফখরুল বলেন, তাতে কোনো কাজ হবে না। তাদের ক্ষমতা থেকে সরে দাঁড়াতেই হবে।
