ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্মচারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত এই ঘটনা ঘটে। এতে জনি (৩৮) নামে হাসপাতালের এক কর্মচারী আহত হয়েছেন বলে দাবি করেছেন কর্মচারীরা।
উদ্ভুত পরিস্থিতিতে হাসপাতালে আসা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল ১০টার সময় ঢামেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের প্রতিবাদে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ছিল হাসপাতালের চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারীদের। এদিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগেরও কর্মসূচি ছিল। সকালে কর্মচারীরা কলেজে প্রবেশ করতে গেলে ক্যাম্পাস ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় ক্যাম্পাস ছাত্রলীগ সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পরিস্থিতি সামাল দেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা ও হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম ফুয়াদ জানান, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কলেজের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার সময় সেখানে অবস্থানরত চতুর্থ শ্রেণির কিছু লোক আমাদের ওপর চড়াও হয়।
চতুর্থ শ্রেণির কর্মচারী সংগঠনের সভাপতি আবু সাঈদ জানান, আউটসোর্সিং বাতিলের দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী কলেজের সামনে অবস্থান কর্মসূচি করার সময় ছাত্রদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ছাত্রদের আঘাতে তাদের এক কর্মচারী আহত হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুল আলম জানান, এই পরিস্থিতির জন্য কেউ দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
