নিউ ইয়র্কে আবাসিক ভবনে আগুনে ৯ শিশুসহ নিহত ১৯

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০১:৪৬ এএম

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শহরের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, আরও ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে এএফপি।

দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগরো জানান, ১৯তলা ভবনটির প্রত্যেক তলাতেই হতাহত পেয়েছেন তারা। এই অগ্নিকাণ্ডে নজিরবিহীন ধোঁয়া দেখার কথা জানান তিনি। নিগরো জানান, নিউ ইয়র্কে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুনের ঘটনা এটি। সম্প্রতি ফিলাডেলফিয়ায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৮ শিশুসহ ১২ জনের মৃত্যু হয়। আর এর কয়েক দিনের মাথায় নিউ ইয়র্কে অগ্নিকাণ্ড হলো।

কর্মকর্তারা জানিয়েছেন, গত রবিবার ব্রুনক্স অ্যাপার্টমেন্ট ব্লকের দ্বিতীয় বা তৃতীয় তলায় স্থানীয় সময় ১১টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে প্রায় ২০০ কর্মী। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগরো জানান, দুটি ফ্লোরে আগুন লেগেছে। কিন্তু ধোঁয়া সব ফ্লোরে ছড়িয়েছে। তিনি জানান, যে অ্যাপার্টমেন্টে আগুন লাগে তার দরজা খোলা ছিল। ফলে সব ফ্লোরেই ধোঁয়া ছড়িয়েছে।

কাছে বসবাস করা জর্জ কিং জানান, আগুন ছড়িয়ে পড়ার পর অনেকেই জানালায় হাত নেড়ে নিজেদের অবস্থান জানায়। তিনি বলেন, ‘আমি ধোঁয়া দেখেছি, বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। কেউই ভবন থেকে লাফিয়ে পড়তে চায়নি।’ মোট ৬৩ জন আহত হয়। এর মধ্যে ৩২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত