নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১১:১৬ পিএম

প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেছেন, শুধু গাড়ি সংযোজন নয়, আমরা দেশে গাড়ি উৎপাদন করব। কারখানা স্থাপনের জন্য ইতিমধ্যে মিৎসুবিশি মোটরসের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।

গতকাল মঙ্গলবার হোটেলে ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রকল্পের’ গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

শিল্প মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ প্রকল্পের জন্য ২০২১ সালের নভেম্বরে প্রতিটি মিৎসুবিশি এল-২০০ ডাবল কেবিন পিকআপ ৪৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যে ৭৩টি ডাবল কেবিন পিকআপ মোট ৩১ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকায় কিনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কার্যাদেশ দেয়। গতকাল ওই গাড়িগুলো প্রগতি ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে প্রকল্প সংশ্লিষ্টদের হস্তান্তর করা হয়।

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান শহীদুল হক ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ও সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, শিল্প সচিব জাকিয়া সুলতানা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহিদুল আলম উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত