দেশের বিভিন্ন স্থানে সকড়ক দুর্ঘটনায় ৫ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এরশাদ হোসেন জুলফিকার (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি স্কুলের কাজে বাসা থেকে বের হয়ে তেঁতুলিয়া উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন।। এরশাদ হোসেন সদর ইউনিয়নের বুড়াবুড়ি ম-লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গত সোমবার রাতে ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় কামরুন্নাহার (৫৩) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। উপজেলার কালামপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কান্টাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কুশুরা থেকে অটোরিকশায় করে একাই বাসায় ফিরছিলেন তিনি।
এ ছাড়া গতকাল চট্টগ্রামের সীতাকু-ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মারুফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার খড়মপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইমাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাত ৯টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাফিজ উদ্দিন (৭০) নামে বৃদ্ধ নিহত হন। বিস্তরিত আমাদের প্রতিনিধি ও সংবাদাতাদের পাঠানো খবরে:
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষকের মৃত্যু : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এরশাদ হোসেন জুলফিকার নামে এক স্কুলশিক্ষক নিহত হন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের আজিজনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরশাদ হোসেন জুলফিকারের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর এলাকায়। তিনি উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা কাব স্কাউটসের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সায়েম মিয়া সড়ক দুর্ঘটনায় ওই স্কুলশিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ধামরাইয়ে ট্রাকচাপায় স্কুলশিক্ষিকার মৃত্যু : ঢাকার ধামরাইয়ে বেপরোয়া গতির ট্রাকের চাপায় মোসা. কামরুন্নাহার নামে এক স্কুলশিক্ষিকা নিহত হন। গতকাল সকালে ধামরাই থানার এসআই এ কে এম সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। কামরুন্নাহার ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের কান্টাহাটি গ্রামের মৃত কাশেম আলীর মেয়ে।
পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার কুশুরা থেকে অটোরিকশায় করে একাই বাসায় ফিরছিলেন কামরুন্নাহার। এ সময় বাটুলিয়া এলাকায় একটি ট্রাক তাকেসহ অটোরিকশাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুন্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত : চট্টগ্রামের সীতাকু-ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মারুফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকার আব্দুল্লার ঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি ফৌজদারহাট জলিল স্টেশন এলাকার বদুর বাড়ির বাসিন্দা মতিন বাসারের ছেলে।
স্থানীয়রা জানান, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন মারুফ। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাফিজ উদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের আলতাফ হোসেন গোলন্দাজ ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ উদ্দিন চরমছলন্দ মাইজপাড়া গ্রামের বন্দের বাড়ির বাসিন্দা।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নিহত হাফিজ উদ্দিন গফরগাঁও বাজার থেকে রাত ৯টার দিকে অটোরিকশা দিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
আখাউড়ায় মোটরসাইকেলচালক নিহত : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার খড়মপুরে মঙ্গলবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইমাম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রাসেদুর রহমান বলেন, পরিবারের লোকজনের পক্ষ থেকে জানা যায়, খড়মপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলচালক ইমাম আরোহী রাস্তার পাশে ছিটকে পড়েন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
