মদরিচ-কাসেমিরো-ক্রুসের লড়াইটা জাভির সঙ্গে

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২:১০ পিএম

গত এক দশক ধরে ফুটবল বিশ্বকে আবিষ্ট করে রেখেছেন রিয়াল মাদ্রিদের ত্রিশূল— লুকা মদরিচ, কাসেমিরো ও টনি ক্রুস। বেশ কয়েক বছরে ধরে এক সঙ্গে খেলছেন মাঝমাঠের এই তিন তারকা।

রিয়ালের অনেক সাফল্যের কারিগর তারা। তবে এবার প্রথমবারের মতো একসঙ্গে মদরিচ-কাসেমিরো-ক্রুস মুখোমুখি হতে যাচ্ছেন মাঝমাঠের আরেক মায়েস্ত্রোর সঙ্গে।

এল ক্লাসিকোতে প্রথমবার বার্সেলোনার ডাগআউটে দাঁড়াবেন জাভি হার্নান্দেজ। বুধবার রাতে সৌদি আরবের রিয়াদে সুপারকোপার সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল-বার্সা। এই লড়াই এখন যতটুকু দুই স্প্যানিশ চির প্রতিদ্বন্দ্বীর; তারচেয়ে উল্লেখযোগ্য হয়ে দাঁড়িয়েছে মিডফিল্ডারদেরও। তবে তা তিন বর্তমান বনাম এক সাবেকের।

রিয়ালের মাঝমাঠের তিন প্রধান অস্ত্র মদরিচ-কাসেমিরো-ক্রুসের সঙ্গে লড়াইটা বার্সার সাবেক কিংবদিন্ত মিডফিল্ডার জাভিরও। অবশ্য তিনি মাঠে থাকবেন না। ডাগআউটে দাঁড়িয়ে শিষ্যদের নেতৃত্ব দেবেন মাঝমাঠ দখলের।

এক সময় বার্সার মাঝমাঠের ত্রিশূলদের একজন ছিলেন জাভি। আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জিও বুসকেটকে নিয়ে তার প্রজন্মের সবকিছু জিতেছেন তিনি।

তার মধ্যে কেবল এখনো খেলোয়াড় হিসেবে ক্যাম্প ন্যুয়ে আছেন বুসকেটস। কাতালানদের মাঝমাঠের অভিজ্ঞ সেনাও তিনি। কোচ-খেলোয়াড় হিসেবে জাভি-বুসকেটস কি মাঝমাঠে মদরিচ-কাসেমিরো-ক্রুসকে থামাতে পারবেন? তাই এখন দেখার বিষয়।

জাভি বার্সার হয়ে খেলোয়াড়ি জীবনে রিয়ালের বিপক্ষ ৪২ ম্যাচে ১৭ ম্যাচ জিতেছেন। ১২ ড্রয়ের পাশাপাশি হেরেছেন ১৩ ম্যাচে। এদিকে, মৌসুমের প্রথম লা লিগার এল ক্লাসিকোতে ক্যাম্প ন্যুয়ে ২-১ ব্যবধানে হারে বার্সা।

এরপর তো কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করে জাভির হাতে নেতৃত্ব দিল কাতালোনিয়ানরা। স্প্যানিশ কিংবদন্তি কি পারবেন বার্সাকে এবারের এল ক্লাসিকো জেতাতে? তা সময় বলে দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত