ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার করোনাভাইরাসকে একটি সাধারণ স্থানীয় রোগের দিকে নিয়ে যাচ্ছে; যাকে সঙ্গী করে মানুষ বাঁচতে পারে। এখন পর্যন্ত এই ভাইরাস মহামারী হিসেবে রয়ে গেলেও ওমিক্রনের অতি-দ্রুতগতিতে ছড়িয়ে পড়া এটিকে সাধারণ রোগে পরিণত করবে। গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) করোনাভাইরাস মহামারীর বিষয়ে এমনটাই বলেছে।
সাধারণ জনগণকে করোনাভাইরাসের টিকার চতুর্থ ডোজ দেওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইএমএ। সংস্থাটি বলেছে, বারবার বুস্টার ডোজ মহামারী মোকাবিলার টেকসই কোনো কৌশল নয়। আমস্টারডামভিত্তিক ইউরোপের এই ওষুধ নিয়ন্ত্রক সংস্থার ভ্যাকসিন কৌশলের প্রধান মারকো ক্যাভালেরি বলেছেন, কেউই জানেন না ঠিক আমরা কখন সুড়ঙ্গের শেষ মাথায় পৌঁছাব। তবে আমরা সেখানে পৌঁছাবই।
তিনি বলেন, টিকাদান ছাড়াও ওমিক্রনের বিস্তারের কারণে প্রাকৃতিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তৈরি হবে। আমরা এমন একটি দৃশ্যের দিকে দ্রুত এগিয়ে যাব যে, যা মহামারী অবসানের কাছাকাছি হবে।
ওমিক্রনের উল্লম্ফনের কারণে স্বাস্থ্য ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, আমরা এখনো মহামারীর মাঝে রয়েছি, আমাদের সেটি ভুলে যাওয়া উচিত নয়। এর আগে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, আগামী দুই মাসের মধ্যে ইউরোপের অর্ধেকের বেশি মানুষ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারেন। কভিডের বারবার বুস্টার ডোজ মহামারী মোকাবিলার স্থায়ী কৌশল নয় বলে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার মতো একইভাবে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
