মোস্তাফিজ-হৃদয়ের নৈপুণ্যে ফাইনালে দক্ষিণাঞ্চল

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৮:৫৫ পিএম

মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ের পর তৌহিদ হৃদয় ও পিনাক ঘোষের ফিফটিতে ওয়ালটন মধ্যাঞ্চলকে হারিয়ে ইনডিপেনডেন্স কাপের ফাইনাল নিশ্চিত করেছে বিসিবি দক্ষিণাঞ্চল। হারলেও প্রথম দুই ম্যাচ জেতায় ফাইনালে উঠেছে মধ্যাঞ্চলও।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন ৫ উইকেটে জয় তুলে নেয় দক্ষিণাঞ্চল। ২২১ রানের লক্ষ্য তারা ৮ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে।

ওপেনার পিনাক ঘোষ ৭৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। তৌহিদ হৃদয় ৭৮ বলে ৬৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এ ছাড়া অধিনায়ক জাকির হাসান ৪০ রান করেন।

এর আগে বোলিংয়ে আলো ছড়ান মোস্তাফিজুর রহমান। শিকার করেন ৪ উইকেট। শেষ দুই ওভারে রান বেশি দেওয়ায় বোলিং ফিগারটা কিছুটা বিবর্ণ হয়েছে যদিও- ১০-২-৬৩-৪। অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান ২৬ রান খরচায় নেন ৩ উইকেট।

মধ্যাঞ্চলের পক্ষে নয় নম্বরে নেমে ঝোড়ো ফিফটি করেন আবু হায়দার। ২৭ বলে অপরাজিত ৫৪ রান করেন তিনি ৬ চার ও ৪ ছক্কায়। আব্দুল মজিদ ৪৬ ও মোসাদ্দেক হোসেন ৪৪ রান করেন। ম্যাচসেরা হয়েছেন দক্ষিণাঞ্চলের তৌহিদ হৃদয়।

তিন ম্যাচে দুটি করে জয়ে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের সমান ৪ পয়েন্ট। শনিবার শিরোপা লড়াইয়ে নামবে দুই দল। বিদায় নিয়েছে একটি করে জয় পাওয়া ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল।

এদিন দিনের অন্য খেলায় উত্তরাঞ্চলকে ৪ উইকেটে হারায় পূর্বাঞ্চল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত