প্রতীক আনতে গিয়ে হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১২:০৩ এএম

প্রতীক আনতে গিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের স্বতস্ত্র চেয়ারম্যান প্রার্থী রিপন মোল্লা গতকাল শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের মূল ফটকের সামনে আওয়ামী লীগ প্রার্থী পলাশ চৌধুরীর সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন। গতকাল শুক্রবার এ অভিযোগ করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রিপন মোল্লা তার সমর্থকদের নিয়ে গতকাল দুপুরে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় যাওয়ার সময় উপজেলা পরিষদ ভবনের মূল ফটকের সামনে ওতপেতে থাকা পলাশ চৌধুরীর উপস্থিতিতে তার নেতাকর্মী ও সমর্থকরা হামলা চালায় এবং রিপনকে বেদম মারধর করে। তবে পলাশ চৌধুরী বলেন, ‘আমি প্রতীক বরাদ্দের চিঠি নিতে দ্বিতীয় তলায় ছিলাম। এ বিষয়ে কিছু জানি না। এ ঘটনা ঘটে থাকলে দুঃখজনক।’ রিপন মোল্লা বলেন, ‘পলাশ চৌধুরী ও তার গু-া বাহিনী আমার ওপর হামলা করে। আমাকে নির্বাচন থেকে বিরত রাখতে এ হামলা চালায়।’

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি শেখ সিরাজুল ইসলামকে তার মুঠোফোনে কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত