সাড়ে ৫ মাস পর আবার শনাক্ত ৪ হাজার ছাড়াল

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০১:৪৭ এএম

দেশে করোনাভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক দিনে রোগী বেড়েছে ১ হাজার ১৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা) শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৭৮ জন এবং মৃত্যু হয় ৬ জনের। গত বছরের ২৬ আগস্ট এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল ৪ হাজার ৬৯৮ জন। অর্থাৎ সাড়ে ৫ মাস পর আবারও রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়াল। এর আগের দিন বৃহস্পতিবার ৩ হাজার ৩৫৯ জন শনাক্ত হয়েছিল এবং মৃত্যু হয় ১২ জনের।

গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, ২০ সপ্তাহ পর নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ শতাংশ ছাড়িয়ে গেছে। গত এক দিনে দেশে ২৯ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ। এর আগে গত বছর ২৫ আগস্ট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এর চেয়ে বেশি ছিল ১৪ দশমিক শূন্য ৭৬ শতাংশ। এর আগে গত বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ১২ দশমিক শূন্য ৩ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৮ হাজার ৯২টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।

অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, নতুন রোগী নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯ হাজার ৪২ জন। আর মৃত্যু হয়েছে ২৮ হাজার ১২৯ জনের। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি এবং ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত ৪ হাজার ৩৭৮ জনের মধ্যে মহানগরসহ ঢাকা জেলাতেই রয়েছে ৩ হাজার ৪৮৯ জন। বাকি ৮৮৯ জন দেশের অন্যান্য জেলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত