ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে ১৭ শতাংশ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২:২৫ এএম

বিদায়ী ২০২১ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশের আমানত বেড়েছে প্রায় ১৭ শতাংশ। একই সময়ে বিভিন্ন খাতে ব্যাংকটির বিনিয়োগ বেড়েছে ১৭ হাজার কোটি টাকা। গতকাল রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। দুদিনব্যাপী আয়োজিত সম্মেলনটি উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান।

ব্যবসায় উন্নয়ন সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিন, মো. জয়নাল আবেদীন, প্রফেসর ড. কাজী শহীদুল আলমসহ অন্য পরিচালকরা বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান।

সম্মেলনে জানানো হয়, ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা গত বছরের তুলনায় ২০ হাজার কোটি টাকা বেশি। একই সময়ে সাধারণ বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১৭ হাজার কোটি টাকা বেশি। ২০২১ সালে ইসলামী ব্যাংক আমদানি-রপ্তানি বাণিজ্য ও রেমিট্যান্স আহরণ করেছে যথাক্রমে ৬৪ হাজার  ৫৩০ কোটি, ৩০ হাজার ১৭৮ কোটি এবং ৫০ হাজার ৫১৮ কোটি টাকা। ইসলামী ব্যাংক বর্তমানে ৩৮৪টি শাখা, ২১৯টি উপশাখা, ২৬৭৮টি এজেন্ট আউটলেট, ২৩১৮টি এটিএম/সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত