করোনা মহামারির তৃতীয় ঢেউ শুরু হয়েছে। এ পরিস্থিতিতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ নিয়ে চিন্তিত সবাই। করোনা আক্রান্ত হলে বাসা-বাড়িতে কোয়ারেন্টাইন বা আইসোলেশনের বিকল্প নেই। এ ক্ষেত্রে একটা বড় সমস্যা বাসার অন্য সদস্যদের সুস্থতা ও সংক্রমিত না হওয়ার বিষয়টি।
বাসা বা বাড়িতে এক ঘরে বন্দী থাকার ক্ষেত্রে অনেক সময় বাথরুম নিয়ে ঝামেলায় পড়তে হয়। কারণ অনেক বাসাতেই গোসল থেকে শুরু করে শৌচকর্মের জন্য বাথরুম অন্য সদস্যদের সঙ্গে শেয়ার করা লাগতে পারে। অনেক বাড়িতে থাকে কমন বাথরুম। ফলে করোনা আক্রান্ত ব্যক্তি সঙ্গে বাথরুম শেয়ার করা নিয়ে একরকম প্রশ্ন দেখা যায়।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, বাথরুমের পরিবেশে করোনাভাইরাস ২০ মিনিট পর্যন্ত সংক্রামক থাকতে পারে।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় বিজ্ঞানীরা বিভিন্ন পরিবেশে ভাইরাসের আয়ু সম্পর্কে জানার চেষ্টা করেছেন।
গবেষকরা জানান, আর্দ্র পরিবেশে বেশি সময় ধরে সংক্রমণ যোগ্য থাকে করোনাভাইরাস। অফিসের পরিবেশে যেখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ চল্লিশ শতাংশের কাছাকাছি, সেখানে মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই সংক্রমণ ক্ষমতা অর্ধেক কমে যায় ভাইরাসের।
অপর দিকে, বাথরুমের বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকে ৯০ শতাংশের মতো। এই পরিবেশে পাঁচ মিনিট পরেও সংক্রমণযোগ্য থাকে অর্ধেক কোভিড অণু। ২০ মিনিট পর ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা কমে হয় প্রায় ১০ শতাংশ।
