আদালতে তৈমূর

কর্মীদের মুক্তি দিয়ে আমাকে গ্রেপ্তার করুন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০২:০৮ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার গতকাল সোমবার তার গ্রেপ্তার নেতা-কর্মীদের জামিনের আবেদন করেন। গতকাল সকালে তিনি নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক-অঞ্চল) নুরুন্নাহার বেগমের আদালতে এ জামিন আবেদন করেন। পরে তিনি জামিন শুনানিতে অংশ নেন। এ সময় আদালত প্রাঙ্গণে তার সঙ্গে গ্রেপ্তার নেতা-কর্মীদের স্বজনরা উপস্থিত ছিলেন।

শুনানি শেষে তৈমূর আলম খন্দকার গণমাধ্যমকে বলেন, নির্বাচনের আগে থেকে পুলিশ তার নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করে আসছে। ভোটের দুই দিন আগে ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। ভোটের আগের দিন রাতে তার বাড়ি থেকে যাওয়ার পথে পুলিশ আরও ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। তাদের হেফাজতে ইসলামের গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তৈমূর আলম খন্দকার বলেন, ‘আদালতে শুনানিতে বলেছি, এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের চেহারা উন্মোচিত হয়েছে। আমি যদি নির্বাচনে অংশ নিয়ে কোনো ভুল করে থাকি, তাহলে আমার দুজন গাড়িচালকসহ যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তি দেওয়া হোক, আমাকে গ্রেপ্তার করা হোক।’ শুনানি শেষে আদালত আদেশের জন্য রেখেছে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, জামিন শুনানি হয়েছে। আদালত আদেশের জন্য রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত