চাকরি ও শিক্ষার অধিকার দাবিতে আফগানিস্তানের রাজধানী কাবুলে নারীদের বিক্ষোভে পিপার স্প্রে ছুড়েছে তালেবানের যোদ্ধারা। এ বিক্ষোভে অংশ নেওয়া অন্তত তিনজন বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান কর্র্তৃপক্ষ নারীদের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। রবিবার কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে অন্তত ২০ নারী জড়ো হয়ে ‘সমতা ও ন্যায়বিচার’ দাবিতে স্লোগান দেন। এ সময় তাদের হাতে নারী অধিকার, মানবাধিকারের দাবিসংক্রান্ত বিভিন্ন ব্যানার দেখা যায়।
বিক্ষোভকারীরা জানান, তালেবান যোদ্ধারা বেশ কয়েকটি গাড়িতে এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্ষোভকারী বলেন, আমরা কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে ছিলাম। এ সময় তালেবানের তিনটি গাড়ি আসে এবং একটি গাড়ি থেকে আমাদের ওপর পিপার স্প্রে করা হয়। আমার ডান চোখ জ্বালাপোড়া করছিল। আমি তাদের একজনকে ধিক্কার জানালে আমার দিকে বন্দুক তাক করে।
অন্য দুই বিক্ষোভকারী বলেন, স্প্রের কারণে এক নারীর চোখ এবং মুখে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয়। পরে তাকে হাসপাতালে নিতে হয়।
