সরকারি অনুদানে ফজলুল কবীর তুহিন পরিচালিত সিনেমা ‘বিলডাকিনী’র শুটিং চলছে নওগাঁয়। সেখানে এক সপ্তাহ ধরে আছেন মোশাররফ করিম, সেই টিমে যোগ দিতে যাচ্ছেন কলকাতার পার্নো মিত্র।
এর আগে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত যৌথ প্রযোজনার ‘ডুব’-এ অভিনয় করলেও এবারই প্রথম ঢাকার একক প্রযোজনার ছবি করছেন ‘রঞ্জনা আমি আর আসবো না’ অভিনেত্রী।
নির্মাতা তুহিন সংবাদমাধ্যমকে জানান, আজ পৌঁছে বিশ্রাম নিয়ে কাল শুটিং করবেন পার্নো। কিন্তু মোশাররফসহ শুটিং ইউনিট প্রস্তুত থাকায় আজকেই কাজ শুরু করবেন বলে সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
আগেই সেটে যোগ দেওয়ার কথা ছিল পার্নোর। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় নিভৃতবাসে যেতে হয়েছিল তাকে। এখন পুরোপুরি সুস্থ এ অভিনেত্রী।
নওগাঁ জেলার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। তার মধ্যেই পুরো ছবির কাজ শেষ হবে।
নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া এ ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। সিনেমাটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকছে ডাটা সলিউশন।
