না.গঞ্জে ২ এসআই নিহত

দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার চালাচ্ছিলেন আসামি!

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০১:৩৪ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাইভেট কার খাদে পড়ে গত সোমবার দুই এসআই নিহত ও এক এএসআই আহত হন। এ ঘটনার বিষয়ে গতকাল মঙ্গলবার পুলিশ বলেছে, মাদকসহ গ্রেপ্তার আসামিকে দিয়ে প্রাইভেট কার চালিয়ে থানায় ফিরছিলেন তাদের তিন সদস্য। পথে ইচ্ছে করে আসামি প্রাইভেট কারটি পুকুরে ফেলে পালিয়ে যান।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান জানান, এখন পর্যন্ত পলাতক আসামিকে ধরা সম্ভব হয়নি। তবে তার কাছ থেকে জব্দ কিছু ইয়াবা পানিতে পড়ে গলে গেছে, বাকিগুলো উদ্ধার করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় সোমবার চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সন্দেহজনক একটি গাড়িকে থামার সংকেত দিলে সেটি এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে আলমগীর হোসেনকে প্রাইভেট কারসহ (ঝালকাঠি-গ-১১-০০০৪) আটক করে পুলিশ। পরে গাড়ি তল্লাশি করে ৪২ হাজার ইয়াবা জব্দ করা হয়।

এরপর আলমগীরকে দিয়েই প্রাইভেট কার চালিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আসেন দুই এসআই ও এক এএসআই। এসপি অফিসে সংবাদ সম্মেলনের পর তাকে নিয়ে থানায় রওনা দেন তারা। তবে এ তিনজনের কেউই গাড়ি চালাতে না পারায় আসামিকেই ফের দায়িত্ব দেন। এরই সুযোগে সোনারগাঁয়ের দত্তপাড়া এলাকায় গাড়ি থেকে কৌশলে লাফ দিয়ে পালিয়ে যান আলমগীর। আর প্রাইভেট কারটি পুকুরে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নোবেল জানান, দুর্ঘটনার সময় তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখতে পান একটি পাইভেট কার পুকুরে নেমে যাচ্ছে। এ সময় একজন গাড়ি থেকে বের হয়ে চিৎকার করে বলতে থাকেন গাড়িতে থানার স্টাফ রয়েছে, আপনারা তাদের বাঁচান। আশপাশের মানুষ এসে উদ্ধার কার্যক্রম শুরু করলে কৌশলে সে পালিয়ে যায়। আরেক প্রত্যক্ষদর্শী আরব আলী জানান, গাড়ি থেকে বের হয়ে যে চিৎকার করছিল, সে সম্ভবত গাড়ির চালক। গাড়ির কাচ ভেঙে আহতদের উদ্ধারের পর তাকে আর পাওয়া যায়নি।

এদিকে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শফিকুল ইসলাম জানান, এসআই কাজী সালেহ আহম্মেদ ও শরিফুল ইসলামের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কাজী সালেহ ফরিদপুরের ভাঙ্গা থানার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে। আর শরিফুলের বাড়ি গোপালগঞ্জের চরভাটপাড়া গ্রামে। তার বাবার নাম ইউনুস আলী। এ ঘটনায় আহত এএসআই রফিকুল ইসলাম রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত