আস্ত ব্রিজ চুরি করে গ্রেপ্তার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৩:২৭ পিএম

আস্ত একটি সেতু তুলে নেওয়া চাট্টিখানি নয়, হোক ছোট ছোট টুকরো করে! তেমনই ঘটনা ঘটেছে তুরস্কের রাজধানী আঙ্কারায়। কারো মনোযোগ আকর্ষণ না করেই একটি আস্ত সেতু বা হাঁটার পথ তুলে নিয়েছে এক ব্যক্তি। পরে তাকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

অবশ্য এ ধরনের ঘটনা তুরস্কে প্রথম নয়। ২০১৩ সালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোকেলিতে জলপথ সংস্কারের জন্য সরিয়ে রাখা ২০ টন ওজনের ব্রিজ চুরি হয়।

এবারের সেতুটি খোদ রাজধানীর বেপাজারিতে অবস্থিত। ১৯৩৫ সালে নির্মিত ব্রিজটি চার দশক ধরে অব্যবহৃত, কারণ সেখানে নতুন একটি ব্রিজ তৈরি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পুরোনো সেতুটি ১০দিন আগেও ছিল। এরপর হঠাৎ কিছু লোক এটি সরাতে হাজির হয়। স্থানীয়রা ভেবেছিল, সরকারি নির্দেশে শ্রমিকেরা এই কাজে নেমেছে।

বুলডেজার ও ট্রাক ব্যবহার করে তারা ব্রিজের ৭০ টন লোহা খুলে নিয়ে যায়, শুধু কংক্রিটের ভিত্তি রয়ে যায়। এর চার দিন কেটে যাওয়ার পর সরকারি টহল বাহিনী এসে দেখে পুরো ব্রিজটিই গায়েব। এরপর তারা দোষী ব্যক্তিকে খুঁজে বের করে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই ব্যক্তি এর আগে অব্যবহৃত সেতুর লোহা সংগ্রহ করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়। সেন্ট্রাল আঙ্কারার এক গুদামে পাওয়া ব্রিজের বিচ্ছিন্ন লোহার টুকরোগুলোর দাম প্রায় ৩৬ হাজার ডলার।

সর্বশেষ সর্বাধিক পঠিত