সেনাসদস্য হত্যায় ৩ ছিনতাইকারী আটক

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৩:২৮ পিএম

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সেনা সদস্য শাহিন আলম (২২) হত্যায় জড়িত তিনজনকে আটক করেছে থানা-পুলিশ।

উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু।

বুধবার দুপুরে থানা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান।

তার আগে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটকরা হত্যার দায় স্বীকার করেছেন বলে তিনি জানান।

আটকরা হলেন- সিদ্ধিরগঞ্জ বাজার কাঠেরপুল এলাকার আলি হোসেনের ছেলে জীবন মিয়া (২৩), মিজমিজি বাতানপাড়া এলাকার সওকত আলি সিরাজের ছেলে সুমন মিয়া (২৫) ও একই এলাকার আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া (২২)। তারা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা দস্যুতা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেন জানান ওসি মশিউর রহমান।

নিহত শাহিন আলম চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মানিকের কান্দি গ্রামের আইয়ুব আলির ছেলে।

নাজমুল হাসান জানান, পটুয়াখালী জেলার লেবুখালী শেখ হাসিনা ক্যান্টনমেন্টে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন শাহিন আলম। সাত দিনের ছুটিতে গত শুক্রবার বাড়ি যাচ্ছিলেন তিনি। পথে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় তার বন্ধু ফারহাবিবের বাসায় রাতযাপন করতে মৌচাক বেঙ্গল প্যাসিফিক প্রাইভেট লিমিটেড কারখানার সামন থেকে মাদানীনগর দশতলা ভবন এলাকায় পৌঁছলে রাত সাড়ে তিনটার সময় তাকে ছিনতাইকারিরা আক্রমণ করে।

ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে ছিনতাইকারী জীবন ও সুমন তাদের হাতে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে সেনা সদস্য শাহিন আলমের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টায় মারা যায়। এ ঘটনায় ১৫ জানুয়ারি থানা হত্যা মামলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত