মুসলিম দেশগুলোর স্বীকৃতি চায় তালেবান

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১১:২৫ পিএম

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান প্রশাসনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত আফগান প্রধানমন্ত্রী মোল্লাহ হাসান আখুন্দ। গতকাল বুধবার কাবুলে এক সংবাদ সম্মেলনে আফগান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে বিশ্বের সব সরকারের কাছে তিনি অনুরোধ জানান। এমনকি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য সব ধরনের শর্ত পূরণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন বলে জানিয়েছে এএফপি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীসহ সকল বিদেশি সেনা প্রত্যাহারের মুখে গত বছরের আগস্ট মাসের মাঝামাঝি আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান গোষ্ঠী। এরপর সেপ্টেম্বরের শুরুতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তারা। সেই সরকারের অন্যতম শীর্ষ পদে বসেন মোল্লাহ হাসান আখুন্দ।

গত সেপ্টেম্বরের পর বুধবারই প্রথম বৃহৎ পরিসরে গণমাধ্যমের মুখোমুখি হন মোল্লাহ আখুন্দ। কাবুলে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বের সকল দেশের সরকার, বিশেষ করে মুসলিম দেশগুলোর কাছে আমার আবেদন, আপনারা (আফগানিস্তানকে) স্বীকৃতি দেওয়া শুরু করুন।’

মোল্লা হাসান আখুন্দ ও তালেবান প্রশাসনের অন্য কর্মকর্তাদের পাশাপাশি জাতিসংঘের কর্মকর্তারাও বুধবারের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত