শততম ম্যাচকে ৬৪ বলে ১৫৪ রানের বিধ্বংসী এক ইনিংস দিয়ে রাঙালেন গ্লেন ম্যাক্সওয়েল। বিগ ব্যাশ ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ল ম্যাক্সির দল মেলবোর্ন স্টার্স। ২ উইকেটে ২৭৩ রান যে কোনো ধরনের টি-২০তে তৃতীয় সর্বোচ্চ ইনিংস। ২০ বলে ফিফটি পেরোনো ম্যাক্সি সেঞ্চুরির পথে আরেকটা রেকর্ডও নিজের করে নিয়েছেন। তার ৪১ বলে সেঞ্চুরি বিগ ব্যাশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ২০১৪ সালে ৩৯ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ক্রেইগ সিমন্স। দু’বছর আগে এমসিজিতেই সিডনি সিক্সার্সের বিপক্ষে ৭৯ বলে অপরাজিত ১৪৭ রানের ইনিংস খেলেছিলেন স্টয়নিস, সেটাই ছিল বিগ ব্যাশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সেই ইনিংসকে ছাড়িয়ে যাওয়ার পথে স্টয়নিসকেই পাশে পেয়েছিলেন কাল ম্যাক্সি। ৯ ওভার একসঙ্গে কাটানো জুটি ১৩২ রান এনে দিয়েছেন। এর মধ্যে স্টয়নিস ৩১ বলে করেন ৭৫ রান। ১০টি বাউন্ডারি-ছক্কা মেরেছেন তিনি। ম্যাক্সির ২২ বাউন্ডারির সঙ্গে ছিল ৪ ছক্কা। হোবার্ট হারিকেন্সকে ৬ উইকেটে ১৬৭ রানে থামিয়ে ১০৬ রানের জয় পেয়েছে স্টার্স। তবে জয়টা অর্থহীন, কারণ আগেই প্লে-অফের দৌড়ে ছিটকে গিয়েছিল ২০১৯-এর চ্যাম্পিয়ন স্টার্স। পার্থ স্কর্চার্স, দুই সিডনি, অ্যাডিলেড স্টাইকার্স আর হোবার্ট- এই পাঁচ দল উঠেছে কাল থেকে শুরু প্লে-অফে।
×
