এফডিসিতে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নান্দনিক মসজিদ। ২০ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার মাধ্যমে উদ্বোধন করা হলো এই মসজিদের। এদিন এফডিসিতে উপস্থিত তারকা, শিল্পী ও সিনেমা সংশ্লিষ্টরা মাগরিবের নামাজ আদায়ে অংশ নেন। নতুন এই মসজিদের প্রথম নামাজে অংশ নিয়েছেন কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর, ইলিয়াস কাঞ্চন, আলীরাজ, রিয়াজ, জায়েদ খান, নির্মাতা সোহানুর রহমান সোহান, শাহীন সুমন, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ আরও অনেকে।
মাগরিবের পর শুরু হয় উদ্বোধনী আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদটির অর্থদাতা থার্মেক্স গ্রুপের এমডি আবদুল কাদির মোল্লা। এ ছাড়া তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।
অপূর্ব স্থাপত্যের এই মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে পৌনে ৩ কোটি টাকা। ২০১৮ সালের ১২ ডিসেম্বর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। দীর্ঘদিনের কর্মযজ্ঞ শেষে মসজিদটি চালু হলো। এফডিসির মসজিদটির ওপরের অংশের দু’পাশে রয়েছে সুউচ্চ মিনার। আর মাঝখানের গম্বুজের কারুকার্য মসজিদটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ভেতরে রয়েছে তিনটি মূল্যবান ঝাড়বাতি। সেগুলো দিয়েছেন নায়িকা নিপুণ। দুইতলা বিশিষ্ট এই মসজিদে একসঙ্গে প্রায় পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানা গেছে।
