বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালকে ১২৬ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষদিকে ফরাসি বংশোদ্ভূত ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েলের ক্যামিওতে ৮ উইকেটে ১২৫ রান করে মেহেদি হাসান মিরাজের দল।
শুক্রবার বেলা দেড়টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। সিদ্ধান্তটা যে সঠিক ছিল তা প্রমাণ করতে বেশিক্ষণ সময় লাগেনি সাকিব আল হাসানদের।
আফিফ হোসেন-সাব্বির রহমানদের ব্যর্থতায় দলীয় ৫০ রান পেরোতেই ৪ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা মিরাজের দলকে এক সময় চোখ রাঙাচ্ছিল শতরানের নিচে অলআউট হওয়ার শঙ্কা।
তবে হাওয়েলের ২০ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪১ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ১২৫ রান দাঁড় করায় চট্টগ্রাম। বরিশালের হয়ে ৩২ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। ২ উইকেট পেয়েছেন নাঈম হাসান। অধিনায়ক সাকিব ৪ ওভারে ৯ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।
ম্যাচের আগে করোনা পজিটিভ রিপোর্ট আসায় বরিশাল দলে নেই উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান ও ব্যাটার মুনিম শাহরিয়ার। করোনা আক্রান্ত হয়েছেন সাকিবদের পরামর্শক নাজমুল আবেদিন ফাহিমও। তিনজনে আছেন আইসোলেশনে।
