লক্ষ্যের ৫১ শতাংশ কৃষিঋণ বিতরণ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০১:১২ এএম

চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) সময়ে ১৪ হাজার ৪৯৭ কোটি টাকার কৃষি ও পল্লীঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো, যা অর্থবছরের পুরো সময়ের লক্ষ্যমাত্রার ৫১ দশমিক শূন্য ৬ শতাংশ। চলতি অর্থবছরে কৃষি খাতে ব্যাংকগুলোর ২৮ হাজার ৩৯১ কোটি টাকার ঋণ বিতরণ করার লক্ষ্যমাত্রা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এবার ঋণ বিতরণ বেড়েছে ১৬ দশমিক ৬৮ শতাংশ বা ২ হাজার ৪১৯ কোটি টাকা।

গত ২০২০-২১ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে কৃষি ও পল্লীঋণ খাতে ১২ হাজার ৭৭ কোটি টাকা বিতরণ করে ব্যাংকগুলো, যা ওই অর্থবছরে ব্যাংকগুলোর বার্ষিক কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ৪৫ দশমিক ৯৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, অর্থবছরের প্রথম দুই মাসে কৃষিঋণ বিতরণে ব্যাংকগুলো কিছুটা পিছিয়ে পড়লেও তৃতীয় মাস থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন ঘটেছেÑ যা ডিসেম্বরেও অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের ষষ্ঠ মাস ডিসেম্বরে কৃষি খাতে ৩ হাজার ৭২৪ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এর আগে নভেম্বরে ২ হাজার ৮৬৪ কোটি টাকা, অক্টোবরে ২ হাজার ৬৯৫ কোটি টাকা, সেপ্টেম্বরে ২ হাজার ৫৩৬ কোটি টাকা ঋণ বিতরণ হওয়ায় সামগ্রিকভাবে কৃষিঋণ বিতরণে ইতিবাচক পরিবর্তন দেখা দেয়। অর্থবছরের প্রথম দুই মাসে কৃষিঋণ বিতরণ কমেছিল ২১ শতাংশ। গত আগস্টে ১ হাজার ৭৩২ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করে ব্যাংকগুলো। জুলাইয়ে বিতরণ করা কৃষিঋণের পরিমাণ ছিল ৯৪২ কোটি টাকা।

কৃষিঋণ বিতরণের এই অগ্রগতিতে কৃষির ভালো ফলন নিয়েও আশাবাদী ব্যাংক কর্মীরা। তারা বলছেন, করোনা মহামারী দেখা দেওয়ার পর থেকে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত