বরগুনার আমতলী উপজেলায় রিকশাচালকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় পৌরসভার কাউন্সিলর মো. জাহিদুল ইসলামের (জুলেয় তালুকদার) বিরুদ্ধে। গতকাল রবিবার বরিশাল প্রেস ক্লাবে ভুক্তভোগী মো. নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে এ অভিযোগ করেন।
জাহিদুল আমতলী পৌরসভার ৩ নম্বর খোন্তাকাটা ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও মৃত ইসমাইল তালুকদারের ছেলে।
সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম বলেন, ‘কাউন্সিলর জাহিদুল ইসলাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড মুসলিম গোরস্থান রোড পানির ট্যাংকির উত্তর পাশে আমার নিজ রেকর্ডীয় জমি দখলের পাঁয়তারা করছেন। সেখানে আমার বসতবাড়ি রয়েছে। তিনি জমি বাবদ আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দিতে পারব না বললে নাচনপাড়া এলাকার মো. আবদুস সোবাহান ও মোসা. লিপিকে জোর করে আমার বাড়িতে তুলে দেন। বাড়াবাড়ি করলে আমাদের মেরে ফেলারও হুমকি দেন।’
তিনি বলেন, ‘হুমকি-ধমকি ও চাঁদা দাবির ঘটনায় আমি বরগুনা পুলিশ সুপার ও গোয়েন্দা ডিবি পুলিশের মহাপরিদর্শক বরাবর অভিযোগ করেছি। তার ভয়ে এখন আমি এলাকায় যেতে পারছি না।’
এ বিষয়ে জাহিদুল ইসলাম বলেন, ‘রিকশাচালক হয়ে নুরুল আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার টাকা কোথায় পেলেন? তার তো কোনো পুঁজিই নেই। তাহলে কেন আমি এমন লোকের কাছে ১০ লাখ টাকা চাঁদা চাইতে যাব? এলাকায় খোঁজ নিলেই তার অভিযোগের সত্যতা পাওয়া যাবে।’
