সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন কোয়ারি থেকে পাথর উত্তোলন করতে না দিলে ওই নির্বাচনী এলাকার সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা শামীম আহমদ। হুমকিদাতা শামীম কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
গত শুক্রবার কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আলকাছ আলীর নির্বাচনী সভায় শামীম এই হুমকি দেন। ওই সভায় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
মন্ত্রীকে অবাঞ্ছিতের হুমকি দিয়ে শামীম আহমদের দেওয়া বক্তৃতা ফেইসবুকে ভাইরাল হলে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কারণ হুমকিদাতা শামীম আহমদ সিলেটে একজন ‘পাথরখেকো’ হিসেবে চিহ্নিত। পরিবেশ ধ্বংস করে সিলেটের বিভিন্ন কোয়ারি থেকে যারা পাথর উত্তোলন করেন তাদের মধ্যে অন্যতম এই শামীম।
এ অবস্থায় চাপে পড়ে শামীম নিজের অবস্থান থেকে সরে দাঁড়ান। গত শনিবার রাত ১০টার দিকে নিজের ফেইসবুকে এক পোস্ট দিয়ে তিনি দুঃখ প্রকাশ করে লিখেন, ‘সম্মানিত কোম্পানীগঞ্জবাসী গত শুক্রবার নৌকার সমর্থনে নির্বাচনী জনসভায় আমার বক্তব্যে ভুলক্রমে অবাঞ্ছিত কথাটি চলে এসেছে, যা সম্পূর্ণরূপে আমার অনিচ্ছায়, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত’।
এদিকে ফেইসবুকে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ওই নির্বাচনী সভায় শামীম আহমদ বলছেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকায় ভোট দিলে মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে আলোচনা করে কোম্পানীগঞ্জের সব পাথর কোয়ারি খুলে দেওয়া হবে। যদি মন্ত্রী পাথর কোয়ারি খুলে না দেন, তবে সবাই মিলে মন্ত্রীকে কোম্পানীগঞ্জে অবাঞ্ছিত করব’।
