সাকিব আল হাসান, জানেমান মালান ও পল স্টার্লিংকে হারিয়ে আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন পাকিস্তানি ব্যাটার বাবর আজম। সোমবার আইসিসি নিজেদের ওয়েবসাইটে ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে।
২০২১ সালটা দারুণ কেটেছে সাকিবের। এই অভিজ্ঞ অলরাউন্ডার ৫০ ওভারের ক্রিকেটে গত বছর ব্যাট হাতে দুই ফিফটিতে ৩৯.৭৭ গড়ে করেন ২৭৭ রান। বল হাতে ১৭.৫২ গড়ে নেন ১৭ উইকেট। গত বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব।

তবে আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার দৌড়ে বাবরের কাছে হেরে গেছেন তিনি। গত বছর ছয়টি একদিনের ম্যাচ খেলে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান করেন পাকিস্তানি অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ২-১ ব্যবধানে সিরিজ জয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২২৮ রান করেন ২৭ বছর বয়সী এই ব্যাটার। পাকিস্তানের দুই জয়ের দুটিতে ম্যাচ সেরা হন বাবর।
প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ম্যাচে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮২ বলে করেন ৯৩ রান। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডেতে ব্যর্থ হলেও শেষ ম্যাচে খেলেন ১৫৮ রানের ইনিংস। কিন্তু অধিনায়কের চেষ্টা সত্ত্বেও ইংলিশদের বিপক্ষে তাদের মাটিতে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। মধ্য জুলাইয়ের সেই ম্যাচটির পর ওয়ানডেতে এখন পর্যন্ত আর দেখা যায়নি বাবরকে।
