রাজারবাগে আইজিপি

পুলিশের অনৈতিক কাজ বরদাশত করা হবে না

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৬:১১ এএম

পুলিশ সদস্যরা অনৈতিক কাজে জড়ালে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘কোনো পুলিশ সদস্য কোনো ধরনের অনৈতিক কাজে জড়িত হলে তা বরদাশত করা হবে না। আমরা খারাপ কাজের মাধ্যমে সংবাদ হতে চাই না, নিজেরা ভালো কাজ করে সংবাদের জোগান দিতে চাই।’ গতকাল সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে শিল্ড প্যারেড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন পুলিশপ্রধান। সৎ, দেশপ্রেমিক ও সাহসীদের পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘যারা পুলিশে আসবে, তাদের মনে রাখতে হবে, এটা পেশা নয়, সেবা। আমরা পুলিশ বাহিনীর জন্য সৎ, দেশপ্রেমিক ও সাহসী লোক খুঁজছি। যাদের মধ্যে এসব গুণ আছে, তারাই বাহিনীতে আসবেন।’

পুলিশে কনস্টেবল, সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের নিয়োগবিধি ৪০ বছর পর সংশোধন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইতিমধ্যে কনস্টেবল পদে “বেস্ট অব দ্য বেস্ট” প্রার্থী বাছাই করা হয়েছে। পুলিশকে ২০৪১ সালের উন্নত দেশের উপযোগী পুলিশ হিসেবে গড়ে তুলতে কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে।’

জঙ্গিবাদ ও মাদক প্রসঙ্গে আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর সেই শূন্য সহিষ্ণুতার নীতি বাস্তবায়ন করছি।’

শিল্ড প্যারেড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিল্ড প্যারেড প্রতিযোগিতায় প্রথম হয়েছে এপিবিএন দল, দ্বিতীয় মেট্রো দল এবং তৃতীয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল। অনুষ্ঠানে আইজিপি কৃতিত্ব অর্জনকারী বিভিন্ন ইউনিটের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জানা গেছে, ২০২০ সালে আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে সিএমপি, দ্বিতীয় চট্টগ্রাম ও তৃতীয় পাবনা জেলা পুলিশ। ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে কক্সবাজার, দ্বিতীয় যশোর ও তৃতীয় নোয়াখালী জেলা পুলিশ, ‘গ’ গ্রুপে প্রথম এপিবিএন, দ্বিতীয় চাঁপাইনবাবগঞ্জ ও তৃতীয় রাজবাড়ী জেলা পুলিশ, ‘ঘ’ গ্রুপে প্রথম র‌্যাব-৭, দ্বিতীয় রাজশাহী জেলা পুলিশ ও তৃতীয় র‌্যাব-১৫, ‘ঙ’ গ্রুপে প্রথম ডিএমপির ডিবি, দ্বিতীয় ডিএমপির মিরপুর ডিভিশন, তৃতীয় ডিএমপির মতিঝিল বিভাগ, ২০২১ সালে আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে ‘ক’ গ্রুপে সিএমপি, দ্বিতীয় পাবনা ও তৃতীয় চট্টগ্রাম জেলা পুলিশ, ‘খ’ গ্রুপে প্রথম কক্সবাজার, দ্বিতীয় নরসিংদী ও তৃতীয় নোয়াখালী জেলা পুলিশ, ‘গ’ গ্রুপে প্রথম এপিবিএন, দ্বিতীয় গাজীপুর ও তৃতীয় রাজবাড়ী জেলা পুলিশ, ‘ঘ’ গ্রুপে প্রথম র‌্যাব-৭, দ্বিতীয় র‌্যাব-৫, তৃতীয় র‌্যাব-১৫, ‘ঙ’ গ্রুপে প্রথম ডিএমপির ডিবি, দ্বিতীয় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ও তৃতীয় ডিএমপির তেজগাঁও ও ওয়ারী বিভাগ। এছাড়া মাদকদ্রব্য ও চোরাচালানের মালামাল উদ্ধারের ঘটনায় পুরস্কৃত করা হয় পুলিশের বিভিন্ন ইউনিটকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত