ধোনির তীক্ষ্ণ মস্তিষ্কের প্রশংসায় গ্রেগ চ্যাপেল

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৯:১৯ পিএম

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট মস্তিষ্কের ভূয়সী প্রশংসা করেছেন অস্ট্রেলিয়া কিংবদন্তি গ্রেগ চ্যাপেল। ‍যিনি এক সময় ভারতের কোচের দায়িত্বে ছিলেন। সেই সময়ই তার চোখে ধরা পড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধোনি সমসাময়িক অন্যদের থেকে ছিলেন আলাদা।

২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের কোচের দায়িত্বে ছিলেন চ্যাপেল। তবে তার কোচিং ক্যারিয়ারে ভারত অধ্যায় ছিল বিতর্কে ঠাসা। অবশ্য ধোনির ক্যারিয়ারের উত্থান চ্যাপেলের সময়েই।

ধোনির যখন অভিষেক তখন ভারতের কোচ ছিলেন জন রাইট ও অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। কিন্তু ধোনি আলোয় আসেন অধিনায়ক দ্রাবিড় ও কোচ চ্যাপেলের সময়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৩ রানের অপরাজিত ইনিংস খেলে সাড়া ফেলে দেন তিনি।

সেই ধোনিকে নিয়ে সম্প্রতি নিজের এক কলামে চ্যাপেল লিখেন, ‘ভারতে এখনো অনেক শহর আছে, যেখানে কোচিংয়ের সুযোগ-সুবিধা নেই। তরুণেরা রাস্তায় বা ফাঁকা জমিতে খেলে। যেখানে তাদের কোনো আনুষ্ঠানিক কোচিংয়ের পাঠ থাকে না। সেখান থেকেই ভারতের অনেক বর্তমান তারকা উঠে এসেছে। তাদের মধ্যে একজন ধোনি। ঝাড়খণ্ডের রাঁচি থেকে উঠে আসা ছেলেটার সঙ্গে আমি ভারতীয় দলে কাজ করেছিলাম। ও দৃষ্টান্ত স্থাপন করেছে।’

চ্যাপেল আরো লিখেন, ‘ও এমন একজন ব্যাটার, যে নিজের প্রতিভার উন্মেষ ঘটিয়ে ওই ফ্যাশনেই খেলাটা শিখেছিল। যখন ধোনি নিজের উন্নতি করছিল তখন ও নিজের চেয়ে অনেক অভিজ্ঞদের বিরুদ্ধে খেলেছিল বিভিন্ন পিচে। আর ওখান থেকেই ধোনির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়ে গিয়েছিল, যা বাকিদের থেকে ওকে আলাদা করেছিল। আমার দেখা অন্যতম তীক্ষ্ণ ক্রিকেটীয় মস্তিষ্ক ধোনির।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত