নতুন ওয়েব সিরিজ ‘শো স্টপার’-এর প্রচারে মধ্যপ্রদেশে গিয়ে বিতর্কে জড়ালেন শ্বেতা তিওয়ারি। সিরিজের প্রচারের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে বসেন, যার জেরে রাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া রোষানলে পড়েছেন তিনি। থানা-পুলিশ অবধিও গড়িয়েছে সে ইস্যু।
কী এমন মন্তব্য করেছেন শ্বেতা? সম্প্রতি সেই অনুষ্ঠানের ভাইরাল হওয়া ভিডিওতে কথা প্রসঙ্গে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আমার অন্তর্বাসের সাইজ ঈশ্বরই জানেন..।’
‘শো স্টপার’ নামে সিরিজটি ফ্যাশন দুনিয়ার গল্প বলবে। আর সেই প্রেক্ষিতেই প্রচারে পোশাক নিয়ে কথা হচ্ছিল।
জনপ্রিয় টেলি-অভিনেত্রী এও বলেন যে, ‘আসলে এত দিন আমাকে ঈশ্বরের চরিত্রে ধারাবাহিকে দেখা গেছে। এর এবার শুধু অন্তর্বাস পরে দেখা যাবে। আমার উত্থান-পতন এমনই!! তাই ঈশ্বর নিজেই আমার অন্তর্বাসের সাইজের ওপর নজর রেখেছেন।’
শ্বেতার এমন মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। বিষয়টি নজরে আসে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রর।
অভিনেত্রীকে ভর্ৎসনা করে তিনি বলেন, ‘শ্বেতা তিওয়ারি ভীষণ কুরুচিকর মন্তব্য করেছেন। ভগবানকে টেনে এনে একেবারেই ঠাট্টা-তামাশা করা উচিত নয়। গোটা বিষয়টা আমি পুলিশকে জানিয়েছি। নির্দেশ দিয়েছি, তারা যেন অভিনেত্রীর এমন জঘন্য মন্তব্যের তদন্ত করেন। এরপরই পরবর্তী পদক্ষেপ করব।’
বিতর্ক নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি শ্বেতা তিওয়ারি। তবে মন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন।
