পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলায় ১০ সেনাসদস্য নিহত হয়েছেন। গত মঙ্গল ও বুধবার কেচ জেলায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ডন। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বিভাগ।
বিবৃতিতে বলা হয়, ২৫ ও ২৬ জানুয়ারি সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে এক সন্ত্রাসী নিহত ও বেশ কয়েকজন আহত হয়। সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ১০ সৈন্য। ঘটনার পর তল্লাশি অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এখনো অভিযান অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
চলতি মাসের শুরুতে দেশটিতে সন্ত্রাসীদের হাতে নিহত হন একজন সেনাসদস্য। গত ৫ জানুয়ারি দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসীদের হামলায় আরও দুই সেনাসদস্য নিহত হন।
আইএসপিআরের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল বাবর ইফতেখার জানিয়েছেন, ‘আমাদের ভূখণ্ড থেকে যেকোনো মূল্যে সন্ত্রাসীদের বিতাড়িত করতে সশস্ত্র বাহিনী বদ্ধপরিকর।’ এর আগে চলতি মাসের শুরুতে তিনি জানিয়েছিলেন, ২০২১ সালে বিভিন্ন অভিযানে পাকিস্তানের সামরিক বাহিনীর ২৪৮ জন কর্মকর্তা ও সেনাসদস্য নিহত হয়েছেন।
প্রসঙ্গত, দিন দুয়েক আগে পাকিস্তানের আরেক শহর লাহোরে বোমা বিস্ফোরণে তিনজন নিহত হন। বেলুচিস্তানভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠী এই আক্রমণের দায় স্বীকার করে। এরপরই পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশে সেনা তল্লাশি চৌকিতে হামলার ঘটনা ঘটল।
