এইচআইভি টিকার প্রথম পরীক্ষামূলক ট্রায়াল শুরু

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০২:৪১ এএম

যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম এইচআইভি টিকার পরীক্ষামূলক ট্রায়াল শুরু হয়েছে। ট্রায়ালের প্রথম ধাপ পরিচালনার জন্য ইতিমধ্যে ৫৬ জন স্বেচ্ছাসেবীকে বেছে নেওয়া হয়েছে, যারা স্বাস্থ্যবান ও এইচআইভি নেগেটিভ। এমআরএনএ প্রযুক্তিতে তৈরি যে টিকা এই ট্রায়ালে ব্যবহার করা হচ্ছে, এখনো সেটির কোনো নাম দেওয়া হয়নি। টিকাটি প্রস্তুত করেছে ওষুধ ও টিকা উৎপাদনকারী কোম্পানি মডার্না। গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে মডার্না ও আন্তর্জাতিক অলাভজন সংস্থা ইন্টারন্যাশনাল এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভস (আইএভিআই) এসব তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স। অ্যাকোয়ার্ড ইমিওনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডস আসলে একই সঙ্গে রোগ এবং রোগ-লক্ষণসমষ্টি। এইচআইভি বা হিউম্যান ইমিওনো ভাইরাসের সংক্রমণ ঘটলে এই রোগ ও রোগ-লক্ষণসমষ্টি দেখা দেয় মানবদেহে।

সাহারা ও নিম্ন আফ্রিকার অঞ্চলগুলোতে এইডসের প্রকোপ সবচেয়ে বেশি। প্রতি বছর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ মারা যান এইডসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ২০১৮ সালে বিশ্বে এইডসে আক্রান্ত হয়ে মারা যান ১০ লাখ মানুষ। গত ৪০ বছর ধরে এইডসের টিকা আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক গবেষকরা। এই প্রথম তাতে সাফল্যের দেখা মিলল। গত বছরও একটি টিকা প্রস্তুত করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি মেডিকেল ট্রায়ালের পর্যায়ে যায়নি।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই টিকার মূল উদ্দেশ্য মানবদেহে ‘ব্রডলি নিউট্রালাইজিং অ্যান্টিবডি’ বা বিএনএডি নামের একপ্রকার বিশেষ অ্যান্টিবডি তৈরি করা, যা মানবদেহে এইচআইভি ভাইরাস প্রবেশ করলে তাকে নিষ্ক্রিয় করে দিতে পারবে। টিকার ডোজে থাকা ওষুধ তরল বা ইমিউনোজেন এই কাজটি করবে উল্লেখ করে বিবৃতিতে মডার্না ও আইএভিআই বলেছে, ‘এইডস নিয়ে এ পর্যন্ত যত গবেষণা হয়েছে, তাতে প্রমাণিত হয়েছে যে বিএনএডি এইচআইভিকে নিষ্ক্রিয় করতে সক্ষম। অন্যভাবে বলা যায়, মানবদেহে এইচআইভি সংক্রমণ ঠেকানোর প্রথম ধাপ এই বিএনএডি। তাই এ বিষয়টিকে মনোযোগের কেন্দ্রে রেখেই নতুন এই টিকাটি প্রস্তুত করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত