সাংবাদিকদের তথ্যমন্ত্রী

বেগম জিয়া সুস্থ হয়ে বাসায় ফেরায় স্বস্তি প্রকাশ করছি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৬ এএম

খালেদা জিয়া সুস্থ হয়ে বাসায় ফেরার যে সংবাদ এসেছে এজন্য স্বস্তি প্রকাশ করে স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিএনপি যে তার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি করেছে, বেগম জিয়ার সুস্থ হওয়ার মাধ্যমে এটিই প্রমাণিত হয়েছে।’

গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ডাক্তারদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে তারা (বিএনপি) বলেছে, বেগম জিয়াকে বিদেশে না নিলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আগেও যখন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখনও তারা বলেছিল বিদেশ না নিলে উনাকে বাঁচানো সম্ভব নয়, এবারও একই কথা বলেছিল। বিএনপি যে মিথ্যাচার করেছে, সেটি প্রমাণিত হলো বেগম জিয়ার সুস্থ হওয়ার মাধ্যমে।’

এর আগে দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টিভি কেব্ল অপারেটর, ডিটিএইচ সেবাদাতা ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকো প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘দেশে টিভি কেব্ল নেটওয়ার্ককে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার পদক্ষেপের অংশ হিসেবে ৩১ মার্চের মধ্যে কেব্ল অপারেটররা ঢাকা ও চট্টগ্রামে সব গ্রাহকের কাছে ডিজিটাল সেট টপ বক্স পৌঁছার ব্যবস্থা নেবে। এর পরের ধাপে ৩১ মের মধ্যে সব বিভাগীয় এবং মেট্রোপলিটন শহরগুলোতে এ ব্যবস্থা নেওয়া হবে। পুরো প্রক্রিয়ায় কেব্ল অপারেটররা সুলভমূল্যে গ্রাহকদের এ বক্স সরবরাহ করবে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে কেব্ল অপারেটর এবং ডিটিএইচ সেবাদাতা ও অ্যাটকো প্রতিনিধিদের নিয়ে সম্মিলিতভাবে টিভি কেব্ল অপারেটিং সিস্টেম ডিজিটাল করার উদ্যোগ বাস্তবায়নার্থে আমরা বিস্তারিত আলোচনা করেছি। উদ্যোগ গ্রহণের পর হাইকোর্টের একটি স্থগিতাদেশ ছিল, মন্ত্রণালয় থেকে আবেদনের পর হাইকোর্ট আদেশটি স্থগিত করেছেন। এখন ডিজিটাল করার ক্ষেত্রে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই। এখন নির্ধারিত সময়ে যারা ডিজিটাল সেট টপ বক্স নেবেন না তারা অনেক টিভি চ্যানেল থেকে বঞ্চিত হবেন।’ বিষয়টি মানুষকে জানাতে সব টেলিভিশনে ব্যাপক প্রচারের জন্য অ্যাটকোর প্রতি অনুরোধ জানান ড. হাছান মাহমুদ।

আলোচনা সভায় আরও অংশ নেন মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, অতিরিক্ত সচিব খাদিজা বেগম, অ্যাটকোর সিনিয়র সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও শীর্ষ কেব্ল অপারেটররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত