প্যারিসের রাস্তায় ঠাণ্ডায় জমে আলোকচিত্রীর মৃত্যু

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৯ এএম

সুইজারল্যান্ডের বিখ্যাত আলোকচিত্রী রেনে রবার্ট ঠাণ্ডায় জমে প্যারিসের রাস্তায় মারা গেছেন বলে জানিয়েছে এএফপি। রাস্তায় তিনি টানা নয় ঘণ্টা পড়ে ছিলেন, কেউ তার দিকে ফিরেও তাকায়নি বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। এভাবে তার মৃত্যু আর মানুষের নির্বিকার আচরণ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে ফ্রান্সে।

৮৫ বছর বয়সী রেনে রবার্ট দীর্ঘ সময় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। অথচ তিনি দীর্ঘদিন ধরে প্যারিসের ওই এলাকাতেই বসবাস করে আসছিলেন, ওই রাস্তায় তিনি নিয়মিত হাঁটতেন। রেনে রবার্টের তোলা স্পেনের জনপ্রিয় ফ্ল্যামেংকো তারকাদের ছবি তাকে সুখ্যাতি এনে দিয়েছিল।

তার এক বন্ধুর বরাত দিয়ে গার্ডিয়ান লিখেছে, হাজার হাজার মানুষের চোখ এড়িয়ে যাওয়ার পর অবশেষে তাকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন এক গৃহহীন। তবে ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। তার আগেই মারা যান রবার্ট। মানুষের এমন আচরণকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অমানবিক ও বর্বর বলছেন।

নেদারল্যান্ডসে স্পেনের দূতাবাস এক টুইটে লিখেছে, ‘ক্যামেরার ফ্রেমে ফ্ল্যামেংকো শিল্পীদের অমর করে তোলা রেনে রবার্টের মৃত্যু আমাদের সামগ্রিক মানবিক চেতনাকে চ্যালেঞ্জ জানিয়ে গেল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত