রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নির্মাণকাজের সরঞ্জাম বহনকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহবুব হাবিব হিমেল নামে এক শিক্ষার্থী নিহত ও অন্তত দুজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে শহীদ হবিবুর রহমান হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হিমেল বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র ছিলেন। এ ছাড়া তিনি বিশ^বিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সদস্য ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক ছিলেন।
ঘটনার প্রতিবাদে রাত ১০টার দিকে শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। সেখানে আগুন জ¦ালিয়ে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধরা প্রধান ফটকের সিসি ক্যামেরা ভাঙচুর করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত দেড়টা) মহাসড়কে শিক্ষার্থীরা অবস্থান করছেন। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে বর্তমানে দুটি আবাসিক হল ও একটি একাডেমিক ভবনের নির্মাণকাজ চলছে। বিশ^বিদ্যালয়ের মাদার বখশ হলের সামনে ও রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের পাশে হল হচ্ছে। আর শহীদ হবিবুর রহমান হলের সামনে একাডেমিক ভবন নির্মাণ হচ্ছে। এসব কাজে ট্রাকযোগে বিভিন্ন নির্মাণসামগ্রী আনা-নেওয়া করা হয়।
গত রাতে হিমেল মোটরসাইকেলযোগে ক্যাম্পাস থেকে হলে ফিরছিলেন। পথে শহীদ হবিবুর রহমান হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে নির্মাণসামগ্রীবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হিমেলের মৃত্যু হয়। ট্রাকের চাকায় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। তারা ক্যাম্পাসে নির্মাণসামগ্রী বহনে নিয়োজিত ৫টি ট্রাকে ভাঙচুর ও আগুন দেন। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লিয়াকত আলি ঘটনাস্থলে এলে শিক্ষার্থীরা চড়াও হন। অবস্থা বেগতিক দেখে তিনি সেখান থেকে চলে যান। পরে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে অবস্থান নেন। উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এসে তাদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রাখেন। এ সময় অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন।
প্রক্টর লিয়াকত আলি জানান, হবিবুর রহমান হলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে হিমেলের মৃত্যু হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। কেন এ দুর্ঘটনা তা আমরা খতিয়ে দেখছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা কাজ করছেন বলে জানান তিনি।
