জামালপুরে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।
বুধবার সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের নান্দিনা খড়খড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সাথে ময়মনসিংহ থেকে জামালপুরমুখী একটি সিএনজিঅটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় সুমন কুমার কুণ্ডু নামে এক সিএনজি যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হয় আরও ২ সিএনজি যাত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সুমন একটি বেসরকারি কোম্পানিতে টেরিটরি সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদীতে। তিনি জামালপুর শহরের মৃধাপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
