গত টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম দাবিদার ছিল পাকিস্তান। ভারতকে হারিয়ে যে অভিযান শুরু করেছিলেন বাবর আজমরা তা থামে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
আসর থেকে ছিটকে যাওয়ার দায়টা বর্তায় হাসান আলীর ওপরে। গুরুত্বপূর্ণ সময়ে বড় ধরনের ভুল করে বসেছিলেন এই পেসার। ম্যাথু ওয়েডের ক্যাচটি না ছাড়লে ম্যাচের ফল অন্যরকমও হতে পারতো।
পরে জীবন পেয়েই তো এই উইকেটরক্ষক-ব্যাটার ইনিংসের শেষ ওভারে শাহীন আফ্রিদিকে টানা তিন ছয় মেরে অজিদের ফাইনালের টিকিট এনে দেন। ওয়েডের সেই ক্যাচ ছাড়ার দায়ে বেশ কয়েক দিন সমালোচনা তো বটে, ট্রলেরও শিকার হয়েছিলেন হাসান আলী।
সেই ম্যাচের পর ওয়েডের বীরত্বের কথা থেমে গেছে। কিন্তু হাসান আলীর ভুলের কথা কী ভুলেছে সবাই? অন্যরা না ভুললেও ২৭ বছর বয়সী পেসার ভুলবেন কীভাবে! জীবন থেকে এই ঘটনা মুছে ফেলতে পারলেই যেন বাঁচেন তিনি। এমনকি ওই ক্যাচ ছাড়ার পর চেয়েছিলেন ক্ষমাও।
বিশ্বকাপের মতো মঞ্চে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েডের ক্যাচ ছাড়ার পর এই প্রথমবারের মতো মুখ খুলেছেন তিনি। জানালেন ওই ক্যাচ ছাড়ার পর দুই দিন ঘুমোতেও পারেননি।
সংবাদমাধ্যমে হাসান আলী বলেন, ‘এটা ছিল আমার ক্যারিয়ারের জন্য কঠিন মুহূর্ত। এটা ভুলে যাওয়াটা অত্যন্ত কঠিন চিল। তখন পর্যন্ত এ বিষয়ে আমি কাউকে এখন পর্যন্ত কোনো কিছু বলিনি। তবে আমি দুই দিন ঘুমোতে পারিনি। আমার স্ত্রী আমার সঙ্গে ছিলেন এবং আমার নির্ঘুমতার জন্য সে চিন্তায় পড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আমি শান্ত ছিলাম। ক্যাচ হাতছাড়া করার ঘটনাটি আমার বারবার মনে পড়ছিল। তবে বাংলাদেশ সফরের সময়, আমি নিজেকে নিজে বলি, আমার ঘুরে দাঁড়ানো উচিত’।
