পেমেন্ট গেটওয়ের লাইসেন্স পেল ওয়ালেটমিক্স

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪২ এএম

ওয়ালেটমিক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) হিসেবে কাজ করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এই প্রতিষ্ঠানটিকে দেশের ভেতরে মার্চেন্ট এগ্রিগেটর সেবা দেওয়ার জন্য লাইসেন্স প্রদান করে।

এ নিয়ে দেশে অনুমোদনপ্রাপ্ত পিএসও-এর সংখ্যা দাঁড়াল ৫টিতে। এর আগে পিএসও হিসেবে কেন্দ্রীয় ব্যাংক থেকে আইটি কনসালটেন্ট লি., এসএসএল কমার্জ লি., সূর্যমুখী লিমিটেড ও পোর্টনিক্স লিমিটেডকে মার্চেন্ট এগ্রিগেটর হিসেবে কাজ করার জন্য লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে ই-কমার্স খাতে নতুন নতুন উদ্যোগ নিতে দেখা যাচ্ছে। ফলে এ খাতের কেনাকাটার বিল গ্রহণের জন্য মার্চেন্ট এগ্রিগেটর হিসেবে কাজ করতে অনেক প্রতিষ্ঠানই লাইসেন্সের জন্য আবেদন করছে।

জানা গেছে, ওয়ালেটমিক্স লাইসেন্সিং প্রক্রিয়ার মধ্য থেকে আরও আগে থেকে পেমেন্ট গেটওয়ে সেবা দিয়ে আসছে।

ই-কমার্স খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে এ খাতের ব্যবসার লেনদেনের টাকা ছাড়ের দায়িত্ব পেমেন্ট গেটওয়ের হাতে দেওয়া হয়েছে। গত বছরের ৩০ জুন বাংলাদেশ ব্যাংক এসক্রো পদ্ধতি চালু করায় পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানগুলো ই-কমার্স খাতের পণ্যের আগাম মূল নিজেদের কাছে রাখতে পারে। পণ্য ডেলিভারির পর ওই টাকা ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ছাড় করে পেমেন্ট গেটওয়েগুলো। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত