বিশ্বে মহামারী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্ত দুটোই বেড়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ১২ হাজার ৯ জন, যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩০ লাখ ৪৯ হাজারের বেশি করোনা রোগী। এক দিনের ব্যবধানে শনাক্ত-মৃত্যু বাড়লেও সপ্তাহ ব্যবধানে শনাক্ত-মৃত্যুর পরিসংখ্যান ভিন্ন।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাব বলছে, গত সপ্তাহে বিশ্বে ২ কোটি ১২ লাখ ৬৩ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ২ কোটি ৩৫ লাখ ৮৮ হাজার। এই হিসাবে সপ্তাহ ব্যবধানে শনাক্ত কমেছে ১০ শতাংশ। গত সপ্তাহে বিশ্বে মৃত্যু হয়েছে ৬৯ হাজার ১৮১ জনের। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৬০ হাজার ৮৩৬। অর্থাৎ এই সময়ে মৃত্যু বেড়েছে অন্তত ১৪ শতাংশ। ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে মহামারীর শুরু থেকে গতকাল বৃহস্পতিবার অবধি ভাইরাসটিতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৭ লাখ ২১ হাজার ৬৫২ জনে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩৮ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার জন।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ফ্রান্সে। তবে এ সময় প্রাণহানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, মেক্সিকো ও কলম্বিয়ার মতো দেশগুলো।
ফ্রান্সে এক দিনে আরও ৩ লাখ ১৫ হাজার ৩৬৩ জন আক্রান্ত এবং মারা গেছে ২৭৬ জন। দৈনিক প্রাণহানিতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন এবং মারা গেছে ২ হাজার ৭৫৭ জন।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬৭৮ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৮৮৩ জন। তুরস্কে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৬৮২ জন এবং মারা গেছে ২১৭ জন। এ সময় ইতালিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ১৮ হাজার ৯৯৪ জন এবং মারা গেছে ৩৯৫ জন। স্পেনে নতুন শনাক্ত ৮৬ হাজার ২২২ জন এবং মারা গেছে ২২৪ জন।
যুক্তরাজ্যে গত এক দিনে নতুন আক্রান্ত ৮৮ হাজার ৮৫ জন এবং মারা গেছে ৫৩৪ জন। কলম্বিয়ায় আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১১০ জন এবং মারা গেছে ২৩০ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৩২২ জন এবং মারা গেছে ১৭৪ জন। ইউক্রেনে নতুন শনাক্ত ৩৫ হাজার ১৪ জন এবং মারা গেছে ২০৪ জন।
আক্রান্তের তালিকায় তৃতীয় এবং প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৫৫২ জন এবং মারা গেছে ৯৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় ১৭৫ জন, পোল্যান্ডে ৩১৮ জন, কানাডায় ১৭৭ জন, আর্জেন্টিনায় ৩২১ জন, গ্রিসে ১১৩ জন, হাঙ্গেরিতে ৭৭ জন, পেরুতে ২৩৫ জন এবং মেক্সিকোতে ৮২৯ জনের প্রাণহানি হয়েছে।
