অসুস্থতা নিত্যসঙ্গী হয়ে উঠেছে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নসের। গত আগস্টে হৃদ্যন্ত্রের জটিলতায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।
হার্ট অ্যাটাক ও প্যারাপ্লেজিয়া (কোমরের নিচে পক্ষাঘাতগ্রস্ততা) থেকে সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। কিন্তু এবার কেয়ার্নস ইনস্টাগ্রামে জানালেন, অন্ত্র ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘গতকাল আমাকে বলা হয়েছে, আমার অন্ত্রে ক্যানসার ধরা পড়েছে… খুবই আশ্চর্য হয়েছি এবং রুটিন চেকআপের পরে এটা আমি আমি আশা করিনি।’
তিনি আরও লেখেন, ‘সুতরাং, সার্জন ও বিশেষজ্ঞদের সঙ্গে আরেক রাউন্ড আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি সব সময় মনে রাখি, জীবনের এই পর্যায়ে আসতে পারার জন্য আমি কতটা সৌভাগ্যবান। জীবনে যা কিছু করেছি, এর জন্য আমি কতটা কৃতার্থ।’
তবে নিজের ক্যানসার জানার পরও যতটুকু না কষ্ট পেয়েছেন তারচেয়ে বেশি কেয়ার্নসকে নাড়া দিয়ে গেছে ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) কিংবদন্তি টম ব্রাডির অবসর।
নিজের ক্যানসারের খবর দিতে টম ব্রাড়ির অবসরটাও বিষয়ে কেয়ার্নস লেখেন, ‘টম ব্র্যাডির অবসরের খবরটাই এই সপ্তাহের সবচেয়ে বাজে খবর হবে ভেবেছিলাম। কিন্তু টিবি১২-এর অবসরের খবরটা অনেক বড় ব্যবধানেই দ্বিতীয় হয়েছে!’
নিউজিল্যান্ডের হয়ে ১৯৮৯ থেকে ২০০৬ পর্যন্ত ৬২ টেস্ট ও ২১৫ ওয়ানডে খেলেছেন কেয়ার্নস। হার্ট অ্যাটাক এবং পরবর্তীতে হৃদ্যন্ত্রের মহাধমনীতে গুরুতর সমস্যা ধরা পড়ায় গত বছর তাকে সিডনির এক হাসপাতালে ভর্তি করা হয়। এই জটিলতায় পরবর্তীতে স্ট্রোক হয় তার। যার ফলে কোমরের নিচ থেকে অসাড় হয়ে পড়ে কেয়ার্নসের।
