রডের দাম পর্যালোচনায় তিন মাস পরপর বৈঠকের সিদ্ধান্ত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৩ এএম

নির্মাণ খাতের অন্যতম প্রধান উপাদান রডের কাঁচামালের দাম বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এ খাতের উদ্যোক্তারা। নির্মাণ খাতের এই অস্থিতিশীলতা দূর করতে তিন মাস পরপর বৈঠকে বসবেন বলে জানিয়েছেন অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান ও কাঁচামাল উৎপাদকরা।

তারা বলছেন, গত দুই বছরে স্টিল তৈরির প্রধান কাঁচামাল স্ক্র্যাপ ও রাসায়নিকের দাম বৃদ্ধিসহ জাহাজ ও কনটেইনারের ভাড়া বেড়েছে। ফলে রডের উৎপাদন খরচও বেড়েছে। যার প্রভাব পড়েছে দেশের নির্মাণ খাতেও। ব্যয় বেড়ে যাওয়ায় নির্ধারিত বাজেটের মধ্যে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন করতে হিমশিম খাচ্ছে দেশের অবকাঠামো নির্মাণ কোম্পানিগুলো। এমন প্রেক্ষাপটে সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই কার্যালয়ে বৈঠকে বসে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি (বিএসিআই)।

বিএসএমএ’র পক্ষ থেকে সভায় জানানো হয়, বিশ্ববাজারে কাঁচামালের দাম যে হারে বেড়েছে, দেশে উৎপাদিত রডের দাম সেই হারে বাড়েনি। বর্তমানে স্ক্র্যাপ কিনতে ৭৯ শতাংশ বাড়তি টাকা গুনতে হচ্ছে। সামগ্রিক উৎপাদন খরচ বেড়েছে ৫২ শতাংশ। বিপরীতে বিক্রয়মূল্য বেড়েছে মাত্র ৩৭ শতাংশ।

উৎপাদকরা জানান, বিশ্ববাজারে কাঁচামালের দাম বৃদ্ধির তুলনায় বিক্রয়মূল্য না বাড়ায় অনেক ক্ষেত্রেই লোকসান দিয়ে রড বিক্রি করতে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত