২৫০০ টাকায় কেনা ছবির দাম ৮৬ কোটি!

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৮ এএম

পাঁচ বছর আগে কিছু পুরনো জিনিসের সঙ্গে পেনসিলে আঁকা একটি ড্রয়িং কিনেছিলেন যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের এক ব্যক্তি। তখন দাম পড়েছিল মাত্র ৩০ ডলার বা ২ হাজার ৫০০ টাকা। কিন্তু এখন বলা হচ্ছে সেই ছবিটির দাম অন্তত ১০ মিলিয়ন ডলার বা ৮৬ কোটি টাকা!

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউপিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের একদিন লন্ডনের চিত্রশালা এগনিউ গ্যালারির এক সদস্য ও বোস্টনের একটি সংগ্রহশালার মালিক ক্লিফফোর্ড শোরের তার এলাকার এক বইয়ের দোকানে বসেছিলেন। তখন সেই বইয়ের দোকানের মালিক তাকে ওই স্কেচ ড্রয়িংটি দেখিয়ে জানান কিছুদিন আগেই তার এক বন্ধু সেটি কিছু পুরনো জিনিসের সঙ্গে মাত্র ৩০ ডলারে কিনেছেন। কিন্তু তার সন্দেহ শিল্পকর্মটি বেশ পুরনো এবং তার দামও অনেক হতে পারে। 

ক্লিফফোর্ড শোরের ছবিটি ভালো করে দেখেন। তার সন্দেহ হয় জার্মান নবজাগরণের শিল্পী আলব্রেখট ডুইরার আঁকা সেটি! পরে শোরের যোগাযোগ করেন ‘ভার্জিন অ্যান্ড চাইল্ড’ শিরোনামের ছবিটির নতুন মালিকের সঙ্গে। তার কাছ থেকে জানেন কিছু তথ্য। এর কয়েক সপ্তাহ পড়েই চোখ কপালে উঠে শোরের। তিনি বুঝতে পারেন ছবিটি আসলেই আলব্রেখট ডুইরার আঁকা। তবে এরপর টানা তিন বছর তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ছবিটির বিষয়ে তথ্য সংগ্রহ করেন। বিশেষজ্ঞদের মতামত এবং প্রযুক্তিও কাজে লাগান তিনি। পরে তিনি নিশ্চিত হন ছবিটি আলব্রেখটেরই। আর তার বর্তমান দাম হতে পারে ১০ মিলিয়ন ডলারের বেশি। 

১৪৭১ সালে জার্মানিতে জন্ম নেওয়া আলব্রেখট মূলত ছিলেন অতি উচ্চমানসম্পন্ন কাঠ-খোদাই শিল্পী। তার কাঠের কাজের জন্য মাত্র ২০ বছর বয়সেই ডুইরারকে ইউরোপের খ্যাতিমান শিল্পীদের তালিকায় স্থান দেয়। বেদি, ধর্ম সংক্রান্ত বিষয়, বহু প্রতিকৃতি অঙ্কন করেন তিনি। ১৫২৮ সালে মারা যান এই শিল্পী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত