সিলেটে শ ম রেজাউল

জেব্রা বাঘ সিংহের মৃত্যু জীবাণু সংক্রমণে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৬ এএম

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ও চিড়িয়াখানায় রোগে আক্রান্ত হয়ে বিদেশি প্রাণী মরেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, জেব্রা, বাঘ আর সিংহের মৃত্যু হয়েছে জীবাণু সংক্রমণে। তবে প্রাণীর মৃত্যুর পেছনে সংশ্লিষ্ট কারও ত্রুটি বা অবহেলা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রী গতকাল শনিবার সিলেট নগরের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে ঢেলে সাজানো হচ্ছে। এ খাতকে উন্নত করার জন্য অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে সিলেটের প্রাণিসম্পদ খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটানো হবে। প্রধানমন্ত্রী সিলেটকে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ মনে করেন। তাই বড় বড় প্রকল্প তিনি সিলেটে দিচ্ছেন। সিলেটকে উন্নত করার জন্য প্রাণিসম্পদ খাতের সব প্রজেক্ট সিলেটে বাস্তবায়ন করা হচ্ছে। এখানে যাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা যায়, এ জন্য  ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে। এখান থেকে পাস করে যারা বের হবে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশ-বিদেশে তাদের মেধা কাজে লাগাতে পারবে। এ সেক্টরে যে সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে সমাধান করা হচ্ছে।

সাফারি পার্ক ও চিড়িয়াখানায় প্রাণীর মৃত্যু সম্পর্কে প্রাণিসম্পদমন্ত্রী আরও বলেন, এই সময়ে মানুষের মতো প্রাণীরাও নতুন নতুন রোগে সংক্রমিত হচ্ছে, প্রাণী মারা যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে রোগ সংক্রমণের বিষয়টি উঠে এসেছে। একাধিক ল্যাবরেটরিতে পরীক্ষা করে প্রাথমিকভাবে জানা গেছে, সংক্রমণে এসব প্রাণী মারা গেছে। খতিয়ে দেখা হচ্ছে, যেসব রোগে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে, সেগুলো নিয়ন্ত্রণের বাইরে কি না। বেঁচে থাকা প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম, প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক ড. অমলেন্দু ঘোষ, সিলেট আইএলএসটি স্থাপন প্রকল্পের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুস্তম আলী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত