ই-কমার্স খাতে ব্যবসা করতে গেলে ডিজিটাল বিজনেস আইডেনটিফিকেশন নম্বর (ডিবিআইডি) নিয়ে ব্যবসা করতে হবে। সে জন্য যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে একটি নিবন্ধন নিতে হবে।
রবিবার সচিবালয়ে নিবন্ধন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানস্থলে চালডাল ডটকম, রকমারি ডটকম, আজকের ডিল, সাজগোজ, আখিস কালেকশনকে নিবন্ধন দেওয়া হয়।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘ডিবিআইডি দিয়ে আমরা শুরু করলাম। পর্যায়ক্রমে ই-কমার্স খাতের জন্য আরও বিভিন্ন পদ্ধতি চালু করা হবে।’
ই–কমার্স ব্যবসায়ীদের যারা কারাগারে, তাদের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আলোচনা করেছি। কীভাবে সমাধানের পথ বের করা যায়, সে চেষ্টা করছি। তবে আইনের ওপরই আমাদের নির্ভরশীল থাকতে হবে।’
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ২০২৫ সালের মধ্যে ই-কমার্স খাতে ৫ লাখ লোকের কর্মসংস্থান সম্ভব। ই-কমার্স খাতকে ভবিষ্যতের জন্য নির্ভরযোগ্য করতে আগামী ছয় মাসের মধ্যে আরও নতুন দুটি পদ্ধতি চালু করা হবে। একটি দিয়ে পণ্য কোথায় যাচ্ছে অর্থাৎ ট্র্যাকিং সিস্টেম বের করা যাবে। আরেকটি দিয়ে লেনদেন করা যাবে সহজে।
