সাফারি পার্ক

‘প্রাণীর মৃত্যুতে জড়িতদের শাস্তি হবে’

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৪ এএম

বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেছেন, ‘সাফারি পার্কে বাঘ, সিংহ ও জেব্রা মৃত্যু ঘটনায় যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব প্রাণী মৃত্যুর ঘটনায় কারও দায়িত্বে কোনো অবহেলা ও জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

গতকাল রবিবার বিকেলে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত এক মাসের মধ্যে সাফারি পার্কে যে কটি প্রাণী মারা গেছে তার জন্য আমরা গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। যে প্রাণীগুলো মারা গেছে তার তথ্য উদঘাটনের জন্য ইতিমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। তদন্ত কমিটির রিপোর্ট দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পার্কের প্রাণীর মৃত্যুর ঘটনায় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, পার্কের অন্যান্য যে প্রাণী অসুস্থ রয়েছে সেগুলোর ব্যাপারে কারও কোনো অবহেলা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত