লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শাহরুখ খানের ‘দুআ’ নিবেদনের ছবি ইতিমধ্যে নেটমাধ্যমে ভাইরাল।
অনেকেই এই ছবি নিয়ে প্রশংসা করলেও এক বিজেপি নেতা প্রকাশ্যেই জানতে চাইলেন, প্রার্থনার নামে শাহরুখ সুরসম্রাজ্ঞীকে ‘অসম্মান’ করেননি তো? কারণ তার সন্দেহ, বলিউড অভিনেতা লতার শেষশয্যার সামনে থুথু ছিটিয়েছেন!
লতার শেষশয্যায় শাহরুখের শ্রদ্ধা নিবেদনের ছবিটি রবিবার বিকেল থেকেই ছড়িয়ে পড়েছিল সর্বত্র। তাতে লতার মরদেহ দেখা না গেলেও শাহরুখকে দেখা যায় তার ধর্মীয় রীতি মেনে ‘দুআ’ বা প্রার্থনা করতে। শাহরুখের পাশেই দু’হাত জোর করে শ্রদ্ধা জানাতে দেখা যায় অভিনেতার ম্যানেজার পূজা দাদলানিকে। পাশাপাশি দুই ধর্মীয় রীতিতে শ্রদ্ধা জানানোর সেই দৃশ্যটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
এর মধ্যেই এক বিজেপি নেতার টুইটে বিতর্ক দানা বাঁধে। অরুণ যাদব নামের ওই নেতা টুইটারে শাহরুখের প্রার্থনার ভিডিও শেয়ার করে জানতে চান, ‘ইনি কি থুথু ছেটালেন?’
এ নিয়ে শাহরুখ কোনো মন্তব্য না করলেও ব্যখ্যা দিয়েছেন তার ভক্তরা।
ওই বিজেপি নেতার সমালোচনা করে তারা বলেছেন, ইসলাম ধর্মে দুআ বা প্রার্থনা করার পর ফুঁ দেওয়ার রীতি রয়েছে। এটি অশুভ আত্মাকে তাড়াতে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়। শাহরুখ তা-ই করেছেন। এতে শিল্পীকে কোনোভাবেই অসম্মান করা হয়নি।
