খবরের কাগজে খাবার নয়

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৭ পিএম

দেশে রাস্তায় কেনা অনেক খাবার পরিবেশন করা হয় সংবাদপত্রের কাগজে। রুটি, ঝালমুড়ি থেকে শুরু করে হালের শীতের পিঠাও দেওয়া হয় খবরের কাগজে। অনেক স্থানে খাবার খাওয়ার পর হাত মুছতে দেওয়া হয় পত্রিকার কাগজ। এর প্রচলন এতটাই বেশি যে নামই হয়ে গেছে ‘বাংলা টিস্যু’। বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে স্বাস্থ্যের চরম ক্ষতি হতে পারে। খবরের কাগজে খাবার রাখলে তার সঙ্গে কালি মিশতে থাকে। সেই কালি পেটে যায়, যা অত্যন্ত ক্ষতিকর। গরম খাবারের ক্ষেত্রে এটি অবধারিত।

বিষক্রিয়া হতে পারে : খবরের কাগজের কালিতে নানা বিপজ্জনক রাসায়নিক থাকে। ডিসোবুটাইল ফ্যাথালেট থেকে শুরু করে আইসোঅ্যাসিটাইল, গ্রাফাইট নানা ক্ষতিকর রাসায়নিক যখন গরম খাবারের সংস্পর্শে আসে, তখন সেগুলো বিক্রিয়া ঘটিয়ে খাবারে মিশে যায়। এই খাবার পেটে ঢুকে বিষক্রিয়া ঘটাতে পারে।

হরমোনের সমস্যা : বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত খবরের কাগজের এই কালি পেটে গেলে শরীরে হরমোনের সমস্যা শুরু হতে পারে। এর ফলে বন্ধ্যত্বের সমস্যা হতে পারে মেয়েদের, ছেলেরাও ইমপোটেন্ট হয়ে যেতে পারে।

ত্বক ও পেটের সমস্যা : যেকোনো রাসায়নিকই হজমের সমস্যা তৈরি করতে পারে। এ থেকে দীর্ঘস্থায়ী পেটের সমস্যা তৈরি হতে পারে। আবার খবরের কাগজ দিয়ে হাত মোছায় সেখান থেকে কালি আমাদের হাতে লেগে যায়। এ থেকে ত্বকের সমস্যা হতে পারে।

ক্যানসারের ঝুঁকি : পত্রিকার কাগজের নানা রাসায়নিক সরাসরি আমাদের শরীরে চলে যাচ্ছে। এ ধরনের রাসায়নিক থেকে ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত