ডিজিটাল ব্যবসাকে করের আওতায় আনার সুপারিশ ইআরএফের

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৮ এএম

করোনাকালে ডিজিটাল অর্থনীতির বিকাশ ঘটায় আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এ খাতকে করের আওতায় আনার পাশাপাশি কর ব্যবস্থাপনার উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ।

গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় মোট ২১ দফা সুপারিশ করেছে ঢাকায় কর্মরত অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠনটি। কভিড-১৯ প্রেক্ষাপটে ডিজিটাল অর্থনীতির ব্যাপক বিকাশ ঘটায় এ খাতকে করের আওতায় আনার সুপারিশ করে ইআরএফ। এছাড়া টাকা পাচার বন্ধে কঠোর আইনসংক্রান্ত প্রস্তাবে ইআরএফ বলেছে, দেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ টাকা পাচার হচ্ছে। এ পাচার রোধে ২০১৩ সালে ট্রান্সফার প্রাইসিং নামে একটি আইন করা হয়েছিল। বাস্তবে এর অগ্রগতি কতটুকু সেটা দেশবাসী জানে না। বর্তমান বাস্তবতায় অর্থ পাচার রোধে ভারত অথবা দক্ষিণ কোরিয়ার মতো কঠোর আইন করা এখন খুবই জরুরি হয়ে পড়েছে।

আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বাজেট প্রস্তাব উপস্থাপন করেন ইআরএফ সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম। ইআরএফ সভাপতি শারমীন রিনভী এবং অন্য নেতারাও এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন। আয়করসংক্রান্ত প্রস্তাবে ইআরএফ জানায়, বিদেশি নাগরিকদের মধ্যে যারা করযোগ্য হয়েও কর দিচ্ছেন না তাদের করের আওতায় আনতে এনবিআরের উদ্যোগ আরও জোরালো করার প্রয়োজন। উৎসে কর দিতে গিয়ে ব্যবসার মূলধন যাতে আটকে না যায় সে লক্ষ্যে বিকল্প পদ্ধতিতে কর আহরণ করা যায় কি না, তা ভাবতে অনুরোধ জানানো হয় ওই অনুষ্ঠানে। একই সঙ্গে কোনো ব্যবসায়ী যেন কর ফাঁকি দিতে না পারেন সেজন্য এনবিআরের অটোমেশন ও কঠোর মনিটরিংয়ের সুপারিশ করা হয়। ভ্যাট ও কাস্টমস-সংক্রান্ত প্রস্তাবে ইআরএফ জানায়, অনিয়ম রোধ এবং আরও রপ্তানিবান্ধব বন্ড ব্যবস্থাপনা তৈরির জন্য এনবিআরের নেওয়া বন্ডেড ওয়্যারহাউজ অটোমেশন প্রকল্পের কার্যক্রম দ্রুত সম্পন্ন করা দরকার। এছাড়া ভ্যাট আদায়ের ক্ষেত্রে ইএফডির ব্যবহার নিশ্চিত করা, পরিবেশবান্ধব বা সবুজ শিল্পায়নে বিনিয়োগ উৎসাহিত করতে করপোরেট করের ব্যবধান কমপক্ষে ৫ শতাংশ রাখা, স্বাস্থ্য সচেতনতার কারণে বোতলজাত পানির ওপর আরোপিত সম্পূরক শুল্ক শিথিল করা, জেলা শহরের বাইরে বা প্রত্যন্ত অঞ্চলে মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে উৎসাহ প্রদানে ওই বিনিয়োগকে করমুক্ত সুবিধা দেওয়ার সুপারিশ করে ইআরএফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত