গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত জেলায় করোনা মহামারিতে মোট প্রাণহানি হয়েছে ৫৪৩ জনের। এছাড়াও নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১১৯ জন।
ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনজনের প্রাণহানি হয়েছে।
তিনি বলেন, জেলায় পিসিআর ল্যাবে এবং উপজেলা পর্যায়ের র্যাপিড এন্টিজেন টেস্ট করানো হয়েছে ২৮৯ জনকে। এর মধ্যে করোনা রোগী নতুনভাবে শনাক্ত হয়েছে আরও ১১৯ জন, পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪১.১৭।
এই নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৮৯৭ জনে। সুস্থ হয়েছে ২২ হাজার ৫১৩ জন। আর প্রাণহানি হয়েছে জেলায় ৫৪৩ জনের।
ফরিদপুরের জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানিয়েছেন, গত কয়েক দিন ধরে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর শনাক্তের হার।
আজকের দিন (বুধবার ) পর্যন্ত হোম আইসোলেশনে রয়েছে ৪৬২ রোগী এবং হাসপাতালে ভর্তি রয়েছে আরও ২৮ জন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা শহর ও উপজেলা পর্যায়ে করোনা প্রতিরোধ বিষয়ে মাইকিং করা হচ্ছে। জনসাধারণকে আমরা স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে পূর্বের ন্যায় মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্বে থেকে প্রার্থনা কাজ করার জন্য বলা হয়েছে।
